খুলনা-মংলা রেল লাইন নির্মাণ কাজ শুরু
খুলনা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: খুলনা-মংলা রেল লাইনের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
শুক্রবার সকালে মোংলার বিদ্যারবায়ন সংলগ্ন কবিরাজ বাড়ী এলাকায় খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের ভাগা থেকে দিগরাজ পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
৪১ কোটি টাকা ব্যয়ে রেল লাইন স্থাপনের মূল রাস্তা নির্মাণ কাজ শুরু করছেন নির্মাণ প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজ। রাস্তা নির্মাণ সম্পন্ন হলে রেল লাইনের মূল কাজ শুরু করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লি.।
রাস্তা নির্মাণকাজের উদ্বোধনের সময় নির্মাণ প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজের চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক মিজানুল হক হিমেল, প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল আলম রনি, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবুল বাশার আঙ্গুর, মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এমএ/এসএএম/ ১৩ অক্টোবর ২০১৭)



