নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব খাদ্য দিবস’ পালিত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: “সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা  চাই, খাদ্য অধিকার আইন চাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।

১৬ অক্টোবর সোমবার দিবসটি উপলক্ষে  জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা, জমায়েত, র‌্যালী , মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান  করেছে  নরসিংদীতে খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটি।

সকালে নরসিংদী জেলা শহরের ভেলানগর কলেজ রোডে বিভিন্ন  শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে বিশাল এক মানববন্ধন শেষে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের লক্ষ্যে ১১ দফা দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের বরাবরে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস’র অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির  সভাপতিসহ কমিটি অন্যান্য নেতৃবৃন্দ।

দেশের শ্রমজীবী-দরিদ্র মানুষসহ সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে ও সরকারের নেতৃত্বে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তাসহ প্রায় সকল ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭-১৬ অক্টোবর-২০১৭ পর্যন্ত সপ্তাহব্যাপি বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ তথা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এরই প্রেক্ষাপটে নরসিংদীতে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ জেলা কমিটি বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ১১ দফা দাবিসহ ‘বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং খাদ্য অধিকার’কে কেন্দ্র করে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতায় খাদ্য অধিকার বিষয়ক বিভিন্ন প্রচারাভিযানমূলক কার্যক্রম পালন করেছে।

মানববন্ধনে বক্তারা ১১ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি সরকারের উদ্যোগে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ সাপেক্ষে সকল নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

(এসএইচআর/ এসএএম/ ১৬ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)