রাজধানীতে শেলটেক আবাসন মেলা শুরু

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আবাসন কোম্পানি হিসেবে গতকাল রোববার পথচলার ২৯ বছর পূর্ণ করেছে শেলটেক। ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে আবাসন মেলা।

এবারের মেলায় মূলত তিনটি প্রকল্পের প্রচারণায় বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই একটি হলো বাসাবোর শেলটেক মমিন টাওয়ার প্রকল্প। বাকি দুটি প্রকল্প হলো মিরপুরের মাজার রোডের শেলটেক বীথিকা ও কাঁঠালবাগানের শেলটেক খান প্লাজা।

পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী ও মেলা উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ভবন। ভবনের নিচতলায় চলছে মেলার মূল আয়োজন। আগ্রহী ক্রেতা-দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য রয়েছে ১৫টি ডেস্ক। এসব ডেস্কে শেলটেকের বিপণন বিভাগের কর্মীরা চলমান বিভিন্ন প্রকল্প ও ফ্ল্যাটের তথ্য ক্রেতাদের জানাচ্ছেন।

শেলটেকের উপমহাব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, তৈরি ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। কারণ এতে সহজে ব্যাংকের ঋণ পাওয়া যায়। সেই চাহিদার কথা মাথায় রেখে তৈরি প্রকল্পের তথ্যই বেশি করে ক্রেতাদের জানানো হচ্ছে।
মিরপুরের মাজার রোডে ৬৮ কাঠা জায়গাজুড়ে শেলটেক বিথীকা প্রকল্পের চারটি টাওয়ারে মোট ১৮৪টি অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের ৬০টি অ্যাপার্টমেন্ট ক্রেতার হাতে তুলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। প্রকল্পের বাকি কাজ আগামী বছরের মধ্যেই শেষ হবে। অর্ধেক খোলা জায়গা রেখে তৈরি এই প্রকল্পের ভেতরেই আছে শিশুদের খেলার জায়গা, কমিউনিটি সেন্টার, সুইমিং পুল, ব্যাংকের এটিএম বুথ, জিমনেসিয়ামের মতো বাড়তি বেশ কিছু সুবিধা। এই প্রকল্পে ১ হাজার ৩৪০ বর্গফুট থেকে সর্বোচ্চ ১ হাজার ৭৫৭ বর্গফুট আকারের ফ্ল্যাট রয়েছে। প্রতি বর্গফুটের দাম রাখা হচ্ছে ৬ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। মেলা উপলক্ষে অ্যাপার্টমেন্টের মোট দামের ওপর সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হয়েছে শেলটেক বীথিকার ফ্ল্যাটে।

কাঁঠালবাগান ঢালে শেলটেক খান প্লাজা প্রকল্পের ফ্ল্যাটগুলোর আকার ১ হাজার ১৮০ বর্গফুট থেকে ১ হাজার ২২০ বর্গফুট। এখানে প্রতি বর্গফুট ৮ হাজার ৫০০ টাকায় ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে। এই প্রকল্পের ফ্ল্যাটের দামে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শেলটেকের এই আবাসন মেলা।

(এসএএম/ ১৩ মার্চ ২০১৭০


Comment As:

Comment (0)