বাংলাদেশ ছাড়তে আরও ৬ মাস সময় পেল অ্যাকর্ড ও অ্যালায়েন্স
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত কাজে নিয়োজিত ইউরোপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রমের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত কিছু সময় অ্যালায়েন্স এ দেশ ছাড়বে বলে সরকারকে চিঠি দিয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার ৬ মাস বাড়তি সময় মঞ্জুর করেছে।
অ্যাকর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত তারা পোশাক খাতের নিরাপত্তা সংক্রান্ত ৮০ ভাগ কাজ শেষ করেছেন। বাকী কাজ শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন।
এর প্রেক্ষিতে তাদেরকে ৬ মাস সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকের পরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, অ্যাকর্ড ও অ্যালায়েন্স চলে যাওয়ার পরে তারা যে কাজটি করতো সেগেুলো শ্রম মন্ত্রণালয়ে গঠিত আরসিসি সেল তা সমন্বয় করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা দূর্ঘটনার পর থেকে অ্যাকর্ড ও এ্যালোয়েন্স বাংলাদেশের কারখানাগুলোর মান উন্নয়নে কাজ করে আসছে। তাদের পরামর্শে ৫ থেকে ২০ কোটি টাকা ব্যয়ে গ্রীন কারখানা করেছেন ব্যবসায়ীরা। এখন বাংলাদেশের পোশাক খাত আগের চেয়ে অনেক দক্ষ।
তিনি বলেন, বর্তমানে ৬৭টি গ্রীন কারখানা কার্যক্রম চালাচ্ছে। অচিরেই আরও ২৮০টি কারখানা গ্রীন কারখানায় পরিণত হবে।
তিনি বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি রয়েছে। অ্যাকর্ড বাংলাদেশে আরও কাজ করতে আগ্রহী। আজকের বৈঠকে সিদ্ধান্ত হযেছে, অ্যাকর্ড আরও ৬ মাস ট্রানজেকশন সময় পাবে, যাতে অ্যাকর্ড সম্মানের সাথে ফিরে যেতে পারে। এই অন্তর্বর্তী সময়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে।
বৈঠকে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, বাণিজ্য সচিব শুভাশিস রায়, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২০ অক্টোবর ২০১৭)



