বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার দিবাগত রাত দেড়টার পর রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের নিজ বাসায় প্রবীণ এ রাজনীতিকের মৃত্যু হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ৫ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বিএনপির নেতা এম কে আনোয়ার।

তিনি ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন।
সরকারি আমলা থেকে অবসরের পর রাজনীতিতে আসেন এম কে আনোয়ার। ১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন তিনি।

এম কে আনোয়ার ১৯৯০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক‍্যাবিনেট সচিব হিসেবে অবসরে যান। চাকরি থেকে অবসর নেয়ার পর ১৯৯১ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন তিনি।

প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পাঁচবার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিগত চারদলীয় জোট সরকারের এ প্রভাবশালী মন্ত্রী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

(এমআইআর/ ২৪ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)