নাটোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

বিনিয়োগবার্তা ডেস্ক, নাটোর: আয়কর আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে আজ বুধবার নাটোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান।

অনুষ্ঠানে বক্তারা সময়মত কর পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্যে সকলের প্রতি আহ্বান জানান। অতিরিক্ত কর কমিশনার শাহিন আকতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু এবং নাটোর আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন।

কর অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর রিটার্ন ফরম পূরণের ক্ষেত্রে সাধারণ এবং মহিলা ও প্রতিবন্ধীদের জন্যে পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পরামর্শ, মেলা প্রাঙ্গণে ন্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথে আয়করের টাকা জমাদানের ব্যবস্থা থাকছে। এছাড়া কর রেয়াত সুবিধা প্রাপ্তির জন্যে করদাতাদের বিভিন্ন সঞ্চয় হিসাবে বিনিয়োগ পরামর্শের জন্যে জাতীয় সঞ্চয় বিভাগের একটি বুথও খোলা হয়েছে।

সার্কেল-২০ নাটোরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ সোলায়মান মিয়া বাসসকে জানান, গত অর্থ বছরে সার্কেল-২০ নাটোর সদরে ২২ হাজার ৯৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৭ কোটি এবং সার্কেল-২১ সিংড়াতে দুই হাজার ৯০৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চার কোটি টাকার আয়কর আদায় হয়েছিল। চলতি অর্থ বছরে নাটোরের এই দুইটি কর সার্কেল থেকে ২৬ হাজার ২৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫৭ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চার দিনের সার্কেল-২০ মেলায় ৪০ কোটি টাকা আয়কর আদায় হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সার্কেল-২১ সিংড়ায় আগামী ৬ নভেম্বর থেকে দু দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

(এমআইআর/ ০১ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)