ব্যাংকারদের আচরণগত নীতিমালা জারি করলো বাংলাদেশ ব্যাংক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ব্যাংকারদের আচরণের বিভিন্ন দিক সুনির্দিষ্ট করে দিয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
আচরণের সুনির্দিষ্ট দিকগুলো হলো:
১.প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো ধরনের ব্যক্তিগত সুবিধা নিতে পারবেন না ব্যাংকাররা।
২.যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এমন কোনো উপঢৌকন গ্রহণ পুরোপুরি নিষিদ্ধ।
৩.পোশাগত সুবিধা আদায়ে রাজনৈতিক বা পরিচালনা পর্ষদের প্রভাব খাটানো যাবে না।
৪.কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ব্যাংকের কোনো কর্মী অন্য কোনো ব্যবসা বা কর্মে জড়াতে পারবেন না।
৫.স্বার্থগত সংঘাত থেকে বিরত থাকতে হবে
গতকাল প্রকাশিত ‘কোড অব কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন-ব্যাংক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস’ শীর্ষক এ নীতিমালার আলোকে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এর আলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে নিজস্ব আচরণবিধি তৈরি করতে বলা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ আচরণবিধি পরিপালন করতে হবে ব্যাংকগুলোকে।
সরকার প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল ব্যাংক ও আর্থিক খাতে বাস্তবায়নের লক্ষ্যে নীতিমালাটি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতাপূর্ণ পরিবেশ তৈরি হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
নীতিমালাটি তৈরিতে উপদেষ্টার ভূমিকায় ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ।
(এম আর / ০৭ নভেম্বর, ২০১৭)



