‘আয়কর বিষয়ে বিভিন্ন মেয়াদী কোর্স চালু কোনো কঠিন কাজ নয়’

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আয়কর নিয়ে মানুষের মধ্যে থাকা দীর্ঘদিনের  ভীতি দূর হয়েছে বলে মনে করেন  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এবারের আয়কর মেলায় আগত সেবা গ্রহীতাদের ভিড় তার উজ্জল প্রমাণ  বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নিমার্ণধীন জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে এনবিআর আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর ব্যবস্থাপনা’-শীর্ষক ডিপ্লোমা/স্নাতক/মাস্টার্স কোর্স ও ইন্টার্ণশীপ’ চালুকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্স চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। আয়কর বিষয়ে এনবিআর ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স কোর্স বা ইন্টার্ণশীপ কোর্স চালুর যে দাবি জানিয়েছে, তা খোলা কোন কঠিন কাজ নয়।

তিনি বলেন, আয়কর না দিলে কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। ধার করে কোন দেশের উন্নতি হয়েছে বিশ্বে এমন কোন নজির নেই। এখন দেশের মানুষের আয়কর দেওয়ার সক্ষমতা বেড়েছে। আয়কর আমাদের জিডিপির যত শতাংশ হওয়া উচিত তা হচ্ছে না। না হওয়ার অন্যতম কারণ হলো সচেতনতার অভাব, দ্বিতীয়ত আমাদের মধ্যে আয়কর ভীতি আছে। ভীতি কাজ করে আর ভাবে যে আমি কর দিতে গেলে কি ধরনের হয়রানির শিকার হতে হবে। মেলার মাধ্যমে আয়কর ভীতি দূর করার উদ্যোগ গ্রহণ করায় এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর আবদুল মান্নান বলেন, মেলায় দেখতে পেলাম এত মানুষ কর দিতে এসেছে। জায়গা না পেয়ে নিচে বসে রিটার্ন পূরণ করে জমা দিচ্ছেন।

অর্থমন্ত্রী বলেছেন-আয়কর দেওয়া বাহাদুরীর ব্যাপার। মেলায় এসে করদাতাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে বাহাদুর কে না হতে চায়? বাংলাদেশের উন্নয়নের সঙ্গী হতে চায়। এটা আমাদের নতুন প্রজন্মকে বুঝাতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে বুঝাতে হবে। বিশ্ববিদ্যালয়ে কর বিষয়ে কোর্স চালু করা খুবই সহজ কাজ। এনবিআর বা অর্থমন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক্ষেত্রে এনবিআরকে সব ধরনের সহযোগিতা করবে। আমরা চাই, নতুন প্রজন্ম কর বিষয়ে সচেতন হোক। নতুন প্রজন্ম যখন আয় করবে তাদের যে আয়কর দেয়ার একটা দায়িত্ব আছে সে বিষয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়বে।

ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) খন্দকার হামিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কর বিষয়ে কোর্স চালু হলে একটি দক্ষ পেশাজীবী তৈরি হবে যারা পরবর্তীতে সচেতনভাবে কর দেবেন। দেশে প্রায় ৩৪ লাখ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর বিষয়ে জানা দরকার। ইউজিসির পক্ষ থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কোর্স খোলার উদ্যোগ নেয়া হবে।

ইউজিসির সচিব ড. মো. খালেদ বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে রাজস্ব আহরণের ওপর। কর বিষয়ে ডিপ্লোমার মতো শর্ট কোর্স চালু হলে ভালো ফল পাওয়া যাবে। কর বিষয়ে এনবিআর কর শিক্ষণ ফোরামসহ যেসব উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. এম শাহ নওয়াজ আলি, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) এবং প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন মো. রেজাউল হাসান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের প্রথম সচিব (মূসক) ড. আব্দুর রউফ। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সচিবকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করেন।

এর আগে ইউজিসি চেয়ারম্যান, সদস্য, সচিবসহ অতিথিদের আয়কর মেলা ঘুরে দেখান এনবিআর চেয়ারম্যান। পরে ইউজিসি চেয়ারম্যান কর শিক্ষণ ফোরামে বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করেন। এনবিআর চেয়ারম্যান ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সচিবকে আয়কর মেলার উপহার প্রদান করেন।

(এসএএম/ ০৭ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)