ভোলায় ৭ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করা হচ্ছে
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভোলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করা হচ্ছে। ইতোমধ্যে জেলার ৭ উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আবাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এবছর নির্ধারিত জমি থেকে ১ লাখ ১২ হাজার ২০০ মে. টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গত বছর থেকে প্রায় ৪ হাজার মে. টন বেশি।
কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় অক্টোবরের শেষ দিকে সবজির আবাদ শুরু হয়। প্রকৃতিগতভাবেই এখানে একটু দেরিতে ফলন হয়। কারণ এখানে বছরের শেষ দিকেও বৃষ্টিপাত হয়। ফলে পানি নামতে দেরি ও জমি শুষ্ক করতে সময় লাগে। তবে দেরিতে আবাদ হলেও জমি উর্বর হওয়ায় ফলন ভালো হয়। আগামী মার্চ মাস পর্যন্ত এখানে সবজির আবাদ চলবে।
কৃষি কর্মকর্তারা জানান, জেলায় মোট সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ মে. টন করে। আর গতকাল পর্যন্ত আবাদকৃত সবজির মধ্যে লাল শাক হয়েছে ২৩৬ হেক্টর জমিতে, পালং শাক ৭৯ হেক্টর, মূলা ১৩৮ হেক্টর, টমেটো ৭৫ হেক্টর, বেগুন ৭১ হেক্টর, ফুলকপি ৪৩ হেক্টর, বাধাকপি ৩৯ হেক্টর।
একইভাবে লাউ ৬৭৩ হেক্টর, মষা ১ হাজার ৮৮ হেক্টর, সিম ৮৬৯ হেক্টর, মিষ্টি কুমোর ৫০ হেক্টর, পেঁপে ৬৪ হেক্টর, করলা ৮৪ হেক্টর, কলা ১১০ হেক্টর, দুন্দুল ২০ হেক্টর ও বরবটি ৫৯ হেক্টর জমিতে আবাদ হয়েছে। সামনের দিনগুলোতে আবাদ আরো বাড়বে বলে কৃষি বিভাগ সূত্র জানায়।
(এম আর / ০৮ নভেম্বর, ২০১৭)



