নারীদের জন্য নারী বাইকার নিয়ে এলো ‘পিংক স্যাম’
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ডিসেম্বর থেকে নারী যাত্রীরা টাকার বিনিময়ে চড়তে পারবেন নারী বাইকারদের মোটরসাইকেল। রাজধানী ঢাকায় শুধু নারীদের জন্য অ্যাপের মাধ্যমে বাইক শেয়ারিং সুবিধা চালু করছে ‘শেয়ার এ মোটরসাইকেল’(স্যাম)।
বিশেষ এ সেবার নাম দেওয়া হয়েছে ‘পিংক স্যাম’।
রবিবার থেকে ‘পিংক স্যাম’ সেবা দিতে বাইক রেজিস্ট্রেশন শুরু করেছে স্যাম। তবে ঠিক তার আগের দিনই এমন একটি সেবা দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
জানা গেছে, পিংক স্যাম শুধুই নারীদের জন্য। যেখানে বাইকার এবং যাত্রী উভয়ই নারী। দেশে নারী বাইকারদের স্কুটি চালানোর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সেবা চালু করেছে স্যাম। রাজধানী ঢাকায় এর ভালো সাড়া পাওয়া যাবে বলে মনে করছে উদ্যোক্তারা।
রাজধানীতে নারী যাত্রীদের লোকাল বাস বা অন্য কোনো যানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, সেসব দিক বিবেচনা করে এই সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্যাম কর্তৃপক্ষ। এছাড়া পুরুষের সঙ্গে বাইকে যেতে চান না অনেক নারীই। তাদের জন্যও এ সেবা উপকারি হবে।
স্কুটি দিয়ে রাইড শেয়ার করে নারীরা মোটা অংকের টাকা আয় করতে পারবে বলে জানিয়েছে স্যাম কর্তৃপক্ষ।
পিংক-স্যাম অ্যাপের ভাড়াও স্যামের রাইডের সমান। প্রথম তিন কিলোমিটারে ভাড়া ৬০ টাকা। প্রতি কিলোমিটার ১২ টাকা। প্রতি মিনিট ৫০ পয়সা ভাড়া গুনতে হবে যাত্রীদের। ই-ওয়ালেট কিংবা নগদ অর্থে ভাড়া পরিশোধ করা যাবে।
জানা যায়, ইতোমধ্যে প্রায় ৭ শতাধিক নারী তাদের বাইক রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের চলতি মাসের শেষ দিকে প্রশিক্ষণের ব্যবস্থা করবে স্যাম।
পিংক স্যামে বাইক রেজিস্ট্রেশন করতে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্যাম বাইকার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর ‘ডোন্ট হ্যাভ এ একাউন্ট’ অপশনে গিয়ে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।
জানা গেছে ডিসেম্বরের শুরুতেই পিংক-স্যাম ঢাকায় সেবা দেওয়া শুরু করবে বলে।
(এম আর / ১৩ নভেম্বর, ২০১৭)



