৮ শতাংশ জিডিপি অর্জনে শিল্পায়ন ও বিনিয়োগের বিকল্প নেই: গভর্নর

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আমাদেরকে ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এ ক্ষেত্রে শিল্পায়ন ও বিনিয়োগের কোনো বিকল্প নেই।

গতকাল মঙ্গলবার ব্যবসায়িদের অন্যতম সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভর্নরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম খান এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসময় গভর্নর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অটোমেশন কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এ ক্ষেত্রে শিল্পায়ন ও বিনিয়োগের কোনো বিকল্প নেই।

গত বছরের এই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ প্রায় ১৬ শতাংশ কমেছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স আসার ক্ষেত্রে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, এসএমই উৎপাদন খাতের তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই।

ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার পাশাপাশি দেশীয় বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে অবকাঠামো খাতের উন্নয়ন এখন সময়ের দাবী।

তিনি জানান, বর্তমানে অবকাঠামো খাতে বিনিয়োগের পরিমান ৬.৩২ বিলিয়ন মার্কিন ডলার এবং এটাকে ২০-২২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ব্যবহার করতে পারে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে হলে বেসরকারি বিনিয়োগ ও ডিজিপি-এর অনুপাত ৩৫ শতাংশ উন্নীত করতে হবে।

ডিসিসিআই পরিচালক খন্দকার আব্দুল মোক্তাদির, খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, কে এম এন মঞ্জুরুল হক, রিয়াদ হোসেন এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির আলোচনায় অংশগ্রহণ করেন।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক ইমরান আহমেদ, খ. রাশেদুল আহসান, মোঃ আলাউদ্দিন মালিক এ সময় উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৫ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)