কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৩০০ কোটি টাকা চেয়েছে ফারমার্স ব্যাংক

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আমানত সংকট নিরসনে এখন বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়েছে ফারমার্স ব্যাংক। নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তা ফেরত পাচ্ছে না ব্যাংকটি। ফলে ব্যাংকটিতে দেখা দিয়েছে চরম তারল্য সংকট। এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৩০০ কোটি টাকা চেয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠার চার বছরের মাথায় ব্যাংকটিকে আমানতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হলো। ২০১৩ সালের জুনে কার্যক্রম শুরু করে বেসরকারি খাতের ব্যাংকটি, যার চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ৯টি ব্যাংকের একটি ফারমার্স ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ৯ নভেম্বর পাঠানো এক চিঠিতে ৩০০ কোটি টাকার আমানত চায় ফারমার্স ব্যাংক। চিঠিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম বলেন, বেশ কিছুদিন ধরে ব্যাংকে ঋণ আমানত সীমার হার বেড়েছে। এ ছাড়া এসএলআর ও সিআরআর ঘাটতি রয়েছে।

বেশ কিছু গণমাধ্যমে ব্যাংক সম্পর্কে বিরূপ, নেতিবাচক ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হওয়ার ফলে আমানতকারীদের মধ্যে ব্যাংকটি সম্পর্কে একধরনের অপ্রতুলতা সৃষ্টি হয়েছে এবং এর উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাম্প্রতিককালে ব্যাংকের পক্ষে তহবিল (আমানত) সংগ্রহ করা সহজলভ্য হচ্ছে না।

এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ ও ইইএফ তহবিল থেকে ৩০০ কোটি টাকা আমানত রাখার আবেদন জানানো হয় চিঠিতে। ওই আমানত যথাসময়ে ফেরত দেওয়ার হবে বলে জানানো হয়।

(এম আর / ১৫ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)