পোশাক শ্রমিকদের মজুরি বাড়াবে বিজিএমইএ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে রাজি হয়েছে। গত সপ্তাহে ভারপ্রাপ্ত শ্রমসচিব আফরোজা খানকে লিখিত চিঠি দিয়ে পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করার অনুরোধ করেছে সংগঠনটি।
বিজিএমইএ সেই চিঠিতে বলেছে, প্রতিকূল অবস্থা সত্ত্বেও দেশে-বিদেশে ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ও শ্রম আইনের বিধান অনুযায়ী পাঁচ বছর অন্তর নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের বিষয় বিবেচনায় রেখে পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন।
২০১৩ সালের ১ ডিসেম্বর সর্বশেষ তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা কার্যকর হয়। এর মধ্যে মূল মজুরি ৩ হাজার টাকা, বাড়িভাড়া ১ হাজার ২০০ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা ১ হাজার ১০০ টাকা। ওই বছরের ডিসেম্বরের আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ৩ হাজার টাকা। একেকটি মজুরিকাঠামো পাঁচ বছরের জন্য নির্ধারণ করা হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘বৈশ্বিক পোশাক খাতে নিম্নতম মজুরি-২০১৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি এখন ৬৮ মার্কিন ডলার। ভারতে ৭৮, ইন্দোনেশিয়ায় ৯২, পাকিস্তানে ৯৯, কম্বোডিয়ায় ১২৮ এবং মালয়েশিয়ায় ২২৫ ডলার। প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকেরা কম মজুরি পান। তবে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিগগিরই মজুরি না বাড়ানো হলে যেকোনো সময় বড় ধরনের শ্রম অসন্তোষের ঘটনা ঘটতে পারে। তা ছাড়া দেশি-বিদেশি শ্রমিক সংগঠনগুলো গত ডিসেম্বর থেকেই মজুরি বাড়ানোর চাপ দিয়ে আসছে। এস কারণেই হয়তো মজুরি বাড়ানোর বিষয়ে ইতিবাচক হতে বাধ্য হয়েছে বিজিএমইএ।
(এম আর / ১৫ নভেম্বর, ২০১৭)



