সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে। সেটি কিছুটা উত্তরদিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় (১৮.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি কেন্দের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) নম্বর, পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।
(এম আর / ১৬ নভেম্বর, ২০১৭)



