তিন দিনব্যাপী ৫ম বাপা ফুডপ্রো এক্সপো শুরু ২৩ নভেম্বর
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ২৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ‘৫ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৭’ শুরু হবে।
বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশন (বাপা) এবং এক্সট্রিম এক্সিবিশন এন্ড ইভেন্ট সল্যুশন যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাপার সভাপতি ফখরুল ইসলাম মুন্সি।
তিনি বলেন, ‘বাপা শুরু থেকেই দেশের ফুড প্রসেসিংয়ের উন্নয়নে কাজ করছে। এই খাতের ক্রমবর্ধমান বিকাশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
বর্তমানে বাপার ৪৭৯ জন সদস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাপা সদস্যরা বিশ্বের ১৪০টি দেশে বিভিন্ন পণ্য রফতানি করে আসছে। এই মেলার ফলে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পারস্পরিক বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে এবং তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে।
তিনি জানান, তিন দিনব্যাপী এই মেলায় প্রায় ১৬টি দেশের ১২০টি প্রতিষ্ঠান ২৫০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। ২৩ নভেম্বর থেকে মেলা শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
এই মেলার সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক মেলা ‘৭ম এগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৭’ এবং ‘৪র্থ রাইস এন্ড গ্রেইনটেক এক্সপো-২০১৭’ নামে আরো দু’টি মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
(এম আর / ২২ নভেম্বর, ২০১৭)



