জীবন বীমা নিয়ে বিআইপিডি’র সেমিনার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জীবন বীমা কোম্পানি কর্তৃপক্ষকে নিয়ে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)। এতে দেশের ৩২টির মধ্যে ৩১টি বীমা কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রাজধানীর তোপখানা রোডে বুধবার (১৫ মার্চ) এ সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইনকাম প্রটেকশন প্লান ফর বাংলাদেশ ইমিগ্রান্টস: সুইটেবল প্রডাক্টস আইডিয়া’।
সেমিনারে বিআইপিডি’র মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী বলেছেন, ‘নতুন পণ্য উদ্ভাবন ও বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয়কে বিবেচনায় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। আমরা নিয়মিত এ সেমিনার আয়োজন করতে চাই। কমপক্ষে প্রতিমাসে একবার সেমিনারের আয়োজন করা হবে। যার মাধ্যমে বিভিন্ন ধারণা লাভ করা যাবে। যা ব্যবসায় সফলতা অর্জনে সহায়ক হবে।’
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাহরাইনের আন্ডাররাইটার ট্রাস্ট রি’র ধরমেশ দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এতে সেশন চেয়ারম্যান হিসেবে ছিলেন অ্যাকচুয়ারি মোহাম্মদ সোহরাব উদ্দিন।
(ইউএম/ ১৫ মার্চ ২০১৭)



