প্রাণ-আরএফএল’কে দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে জার্মানী
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা ডিইজি, প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস্ লিমিটেড(বিবিএমএল) কে এক কোটি ৫০ লাখ ডলারের দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা দিচ্ছে।
বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখা’র নতুন প্রোডাকশন লাইন নির্মাণসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে এই ঋণ সহায়তা দেয়া হচ্ছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজি’র আঞ্চলিক পরিচালক জোসেন স্টেইনবুচ এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, ‘ডিইজি’কে আমাদের পথচলায় সহযোগী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের এ সহায়তায় নতুন উৎপাদন লাইন নির্মাণ হলে সহজেই ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌছে দিতে পারবো’।
তিনি আরও বলেন, বিবিএমএল মানসম্পন্ন কিচেন সামগ্রী, বাথরুম ফিটিংস ও বিভিন্ন ধরনের পাইপ উৎপাদন করে আসছে। বর্তমানে বিবিএমএল এর অধীনে কাজ করছে প্রায় ৪০০০ কর্মী। এ বিনিয়োগের ফলে আরও ১৫০০ কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জোসেন স্টেইনবুচ বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা প্রতিষ্ঠানটির বর্তমান উৎপাদন ক্ষমতা বাড়াতে এ সহায়তা দিচ্ছি যা বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপক (কর্পোরেট ফাইন্যান্স) মো. ইস্রাফীল, ডিইজি’র পরিচালক (পোর্টফোলিও ম্যানেজমেন্ট) এন্তে স্টেইনার ও বিনিয়োগ ব্যবস্থাপক ফ্লোরিয়ান বোর্গমানসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
(এম আর / ২৩ নভেম্বর, ২০১৭)



