অনুমোদনের অপেক্ষায় নতুন দুই ব্যাংক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সর্বশেষ গত বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে সীমান্ত ব্যাংকের অনুমোদনের পর এখন অনুমোদনের অপেক্ষায় আছে আরো দুটি ব্যাংক।
জানা গেছে, ‘পিপলস ইসলামী ব্যাংক’ নামে একটি ব্যাংকের অনুমোদন পাচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ কাশেম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
আর ‘বাংলা ব্যাংক’-এর আবেদন করেছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
ব্যাংক দুটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
নতুন ব্যাংক অনুমোদনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুপারিশ থাকতে পারে। নতুন দুটি ব্যাংক অনুমোদন দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। উত্তরে বাংলাদেশ ব্যাংক এখনো কিছু জানায়নি।
(এম আর / ২৩ নভেম্বর, ২০১৭)



