ব্যাংকিং সেবা আরও সহজ করতে ‘ব্যাংকিং তথ্যকনিকা’ নামক মোবাইল অ্যাপস চালু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নাগরিক সেবায় উদ্ভাবন এ ধারনায় জনসাধারণ যাতে খুব সহজে মোবাইল ব্যবহার করে ব্যাংকিং তথ্য/সেবা পেতে পারে সে লক্ষ্যে “ব্যাংকিং তথ্যকনিকা” (Banking Information) নামে Hosting চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রিয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কেন্দ্রিয় ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস্ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও ইনোভেশন টীম এর উদ্যোগে দেশের সকল ব্যাংকের এটিএম বুথ ও শাখার ভৌগলিক অবস্থান ও প্রদেয় সার্ভিস সম্পর্কিত তথ্যসহ ব্যাংকিং কার্যক্রম সম্পর্কিত তথ্য ভিত্তিক এনড্রয়েড প্লাটফর্মে ব্যবহার্য মোবাইল এ্যাপস উন্নয়নপূর্বক Google Play Store এ “ব্যাংকিং তথ্যকনিকা” (Banking Information) নামে Hosting করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গতকাল রবিবার (০৩ রা ডিসেম্বর, ২০১৭) ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে “ব্যাংকিং তথ্যকনিকা” নামে মোবাইল অ্যাপসটি উদ্বোধন করেন।
নির্বাহী পরিচালক এ.কে এম ফজলুল হক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশষে অতিথি হিসেবে ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর এস.এম মনিরুজ্জামান, নির্বাহী পরিচালকবৃন্দসহ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
ইনফরমেশন সিস্টেমস্ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর সিস্টেমস্ ম্যানেজার দেবদুলাল রায় অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এই মোবাইল এ্যাপস ব্যবহারের মাধ্যমে জনগণ সহজেই যে কোনো ব্যাংকের এটিএম বুথ, শাখার অবস্থান ও প্রদেয় সার্ভিস সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য পাবেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদেয় ব্যাংকিং সার্ভিস সম্পর্কিত তথ্য যেমন: প্রাইজবন্ডের ফলাফল, আসল ব্যাংকনোট চেনার উপায়, সঞ্চয়পত্রের ফরম, ইনভেস্টমেন্ট বন্ড, বৈদেশিক মুদ্রা বিনিময়/লেনদেন, পেমেন্ট সিস্টেম এবং সিআইবি বিষয়ক তথ্য মোবাইল এ্যাপসটিতে পাওয়া যাবে। এছাড়াও, এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্য এতে পাওয়া যাবে।
(এসএএম/ ০৪ ডিসেম্বর ২০১৭)



