প্রশিক্ষণপ্রাপ্তদের কাজে লাগাতে বিজিএমইএর চাকরি মেলা শনিবার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের চাকরি দিতে মেলার আয়োজন করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)।
আগামী শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে সংগঠনটি।
মেলার সার্বিক বিষয় জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ।
এসময় সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, বিজিএমইএ ২০১৫ সালের এপ্রিল মাসে স্কিলস ফর ইমপ্লমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) সাথে সংযুক্ত হয়। পরে এই প্রকল্পের আওতায় বিজিএমইএ-সেইপ নামে কার্যক্রম শুরু করে।
এই প্রকল্পের আওতায় ২০১৮ সালের মধ্যে ৪৩ হাজার ৮০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত মানুষগুলোকে চাকরির সুযোগ সৃষ্টি করে দিতে চাই। এজন্য এই মেলার আয়োজন করেছি। এই মেলায় ৪০টির বড় প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণ করা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত ১ হাজার জনের মধ্যে থেকে নিয়োগ দিতে পারবে।
বিজিএমইএ সভাপতি বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। মেলার মাধ্যমে এটা শুরু হলো। ইতোমধ্যে বিজিএমইএ-সেইপ এর আওতায় দেশের ৩৫টি জেলায় ৫০টি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রায় ২০ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ওপারেটর, ৫ হাজার মধ্যম পর্যায়ের কর্মী। যার মধ্য থেকে ১০ হাজার জনকে ইতোমধ্যে চাকরি দেওয়া হয়েছে।
এসময় সংগঠনটির সহ- সভাপতি মো. ফারুক হাসান এবং মোহাম্মদ নাসিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৬ মার্চ ২০১৭)



