বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের পুঁজিবাজারের ব্র্যান্ডিংয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০১৭।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে অনুষ্ঠিত হবে এই এক্সপো।
এক্সপোর আয়োজন করছে দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক প্রথম অনলাইন নিউজপোর্টাল অর্থসূচক ডট কম। ৩ দিনের এ শেয়ারবাজার মেলা উপলক্ষে বুধবার রাজধানীতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার সাড়ে ১১টায় মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়; যা জাতীয় প্রেসক্লাবের সামনে ঘুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কামরুন নাহার শরমিন ও অর্থসূচক পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭ উদ্বোধন করবেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মানিত চেয়ারম্যান ড.এম. খায়রুল হোসেন। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
এক্সপোতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, শীর্ষ ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভূক্ত কোম্পানিসহ প্রায় ৪০ প্রতিষ্ঠান স্টল নিয়ে তাদের সেবা ও পণ্য পরিচিতি তুলে ধরবে।
(এসএএম/ ০৬ ডিসেম্বর ২০১৭)



