বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোতে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এ অংশ নিয়েছে দেশের অন্যতম ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। নতুন বিও একাউন্ট খোলার ক্ষেত্রে তারা ১০০ টাকা করে চার্জ রাখছে। তবে লিংক অ্যাকাউন্ট খুলতে চাইলে তা তারা বিনামূল্যে সম্পন্ন করে দিচ্ছে।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে চলছে ক্যাপিটাল মার্কেট এক্সপো। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও শরীফ এম এ রহমান জানান, মূলত ব্র্যান্ড প্রমোটিংয়ের জন্যই ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ শেয়ারবাজার মেলায় অংশ নিচ্ছে। তাই মেলা উপলক্ষে নতুন কোনো প্রনোদনা না থাকলেও নিয়মিত সুযোগ-সুবিধাই দেওয়া হচ্ছে আগ্রহী বিনিয়োগকারীদের।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ট্রেডিংয়ের ক্ষেত্রে ৪০ পয়সা করে কমিশন চার্জ রাখছে ব্র্যাক ইপিএল। এছাড়া নতুন বিও একাউন্ট খোলায় আমরা ১০০ টাকা করে চার্জ রাখা হচ্ছে। তবে কেউ লিংক অ্যাকাউন্ট খুলতে চাইলে তা বিনামূল্যে করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
মেলার আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপো উপলক্ষে ৩ দিনই থাকবে নানা বিষয়ে সেমিনার। ৭ ডিসেম্বর বৃস্পতিবার বিকেলে থাকবে বিদ্যুৎ খাত নিয়ে বিশেষ আলোচনা। এতে তালিকাভুক্ত ৪ বিদ্যুৎ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা অংশ নেবেন। ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হবে বিনিয়োগের কলাকৌশল বিষয়ক আলোচনা। এতে ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্টরা আলোচনায় অংশ নেবেন।
একই দিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এফআরসি ও পুঁজিবাজারঃ প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন এফআরসির চেয়ারম্যান। এতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট ও চার্টার্ড সেক্রেটারিরা অংশ নেবেন।
আগামী ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ক্যারিয়ার ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক সেমিনার।
এতে প্রধান অতিথি থাকবেন বিএসইসির সাবেক কমিশনার, বর্তমানে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ খান। সেমিনারে ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজাররা তাদের নিজ নিজ খাতে ক্যারিয়ারের কী কী সম্ভাবনা আছে, এই সম্ভাবনা কাজে লাগাতে কোন যোগ্যতা ও প্রস্তুতি প্রয়োজন তা তুলে ধরবেন।
একই দিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
(এমআইআর/এসএএম/ ০৭ ডিসেম্বর ২০১৭)



