মিডল্যান্ড পাওয়ারের বিদ্যুৎ ক্রয়ে সরকারের সঙ্গে চুক্তি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে দেওয়া নতুন বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) ও বাস্তবায়ন চুক্তি (আইএ) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচার বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত  হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পিপিএ স্বাক্ষর করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেক্রেটারি মিনা মাসুদুজ্জামান ও মিডল্যান্ড ইস্ট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম। আর আইএ চুক্তিতে সই করেন পাওয়ার গ্রীড অব বাংলাদেশের কোম্পানি সচিব ও মিডল্যান্ড ইস্ট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউসসহ মন্ত্রণালয় ও এসপিসিএলের উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ, নতুন এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য গত ১০ আগস্ট প্রতিষ্ঠানটিকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেয় বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

সূত্র মতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.২৫৯৩ টাকা।

এর আগে গত ৯ আগস্ট বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে চুক্তি সম্পাদনের অনুমোদন ও ট্যারিফ মূল্য চূড়ান্ত করা হয়।

(এসএএম/ ১৩ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)