প্রতিষ্ঠিত ও স্বনামধন্য শিল্প কারখানাগুলোকে পুঁজিবাজারে আনতে সেমিনার করবে বিএমবিএ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের  প্রতিষ্ঠিত ও স্বনামধন্য শিল্প কারখানাগুলোকে পুঁজিবাজারে তালিকাভূক্ত করতে  ‘দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন  (বিএমবিএ)।

আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সদ্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজ খান উপস্থিত থাকবেন।

এছাড়া সেমিনারে দেশের বিভিন্ন খাতের শতাধিক শিল্পোদ্যোক্তা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিনিধি, দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএমবিএ জানায়, সেমিনারে পুঁজিবাজারে তালিকাভুক্তির সুবিধাগুলো জানানোর পাশাপাশি এ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে বিরাজমান ভীতি ও অনীহা দূর করা বিষয়ে আলোচনা হবে।

বিএমবিএর নেতারা জানান, দেশে দেড় লাখেরও বেশি কোম্পানি থাকলেও মাত্র ৩০০টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। তাই আমরা চাইছি আরো কোম্পানি পুঁজিবাজারে আসুক। বাজারের পরিধি বাড়ানোর জন্য আমরা নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে চাই।

(এসএএম/ ১৪ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)