পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিপিডিবি ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কনফিডেন্স পাওয়ারের চুক্তি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতীয় পাওয়ার গ্রিডে ২২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট (পিপিএ) এবং বিদ্যুৎ বিভাগ, পিজিসিবি-এর সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড।
সম্প্রতি রংপুর ও বগুড়ায় এইচএফও পাওয়ার প্ল্যান্ট স্থাপনার কাজে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর সঙ্গে পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট (পিপিএ) সংক্রান্ত চুক্তি করেছে কনফিডেন্স গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড।
পিপিএ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বিপিডিবি সচিব মিনা মাসুদ উজ্জামান এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইমরান করিমসহ প্রতিষ্ঠান দুইটির অন্যান্য কর্মকর্তারা।
প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের আওতাধীন কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেড এবং কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড ইউরোপের বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘ম্যান’ ও ‘রোলস-রয়েস’-এর অত্যাধুনিক নতুন ইঞ্জিন ব্যবহার করে পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ করবে।
উল্লেখ্য, সবগুলো পাওয়ার প্ল্যান্টের বাণিজ্যিক ব্যবহার আগামী ২০১৮ সালের মধ্যে শুরু হবে।
(এসএএম/ ১৯ ডিসেম্বর ২০১৭)



