কুষ্টিয়া চিনিকলে আখ মাড়াই শুরু

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, কুষ্টিয়া: কুষ্টিয়া চিনিকলে চলতি ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার জগতিতে অবস্থিত চিনিকল কম্পাউন্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, চলতি মৌসুমে ৩ হাজার ৮৫০ টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু হলো।

উল্লেখ্য, কুষ্টিয়া অঞ্চল আখ চাষের উপযোগী হওয়ায় ১৯৬৫ সালে জগতিতে কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। এ মিলের দৈনিক আখ মাড়াই ক্ষমতা ১ হাজার ৫২৪ টন এবং চিনি উত্পাদনক্ষমতা ১৫০ টন।

 

(টিআর/এএইচএন/ ২৩ ডিসেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)