শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশ-বিদেশের বিশ্বখ্যাত শিল্পীদের অংশগ্রহণে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপি বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব। ধানমন্ডির আবাহনী ক্রীড়াচক্র মাঠে বসছে ষষ্ঠবারের এ আসর।
আজ সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান প্রমুখ।
পৌষের শীত জেঁকে বসার এ সময়ে উচ্চাঙ্গসঙ্গীত প্রিয় শ্রোতারা শরীরে গরম কাপড় জড়িয়ে রাতভর উপমহাদেশের প্রখ্যাত শিল্পীদের ধ্রুপদী ও শাস্ত্রীয় সঙ্গীতের সুরের লহরীতে বুদ হবেন।
দেশের সবচেয়ে বড় শাস্ত্রীয় সংগীত ও ধ্রুপদী নৃত্যের এই মহাযজ্ঞে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বিশ্ববরেণ্য শিল্পীরা। উৎসব চলবে টানা ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে একটানা চলবে ভোর ৫টা পর্যন্ত এ পরিবেশনা। শ্রোতাদের জন্য কীর্তিমান শিল্পীদের ঐন্দ্রজালিক পরিবেশনা উপভোগের সুযোগ এবারও মিলছে সম্পূর্ণ বিনা মূল্যে।
উৎসবে কণ্ঠ ও যন্ত্রে ধ্রুপদী, খেয়াল, ঠুমরি, ভজন, দাদরাসহ অন্যান্য শাস্ত্রীয় পরিবেশনার মাধ্যমে খ্যাতিমান শিল্পীরা মাতাবেন দর্শক-শ্রোতাদের। পাশাপাশি চলবে শাস্ত্রীয় নৃত্যের লহরী।
উৎসবের আযোজক কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানান, উৎসবের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যবারের চেয়ে এবার সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। সেই সাথে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তিনি জানান, আজ উৎসব শুরু হবে পাশ্চাত্যের ধ্রুপদী ধারার সংগীত দিয়ে। উদ্বোধনী রাতে আরো থাকবে রাজরূপা চৌধুরীর সরোদ-বাজনা, খেয়াল পরিবেশন করবেন বিদুষী পদ্মা তালওয়ালকর, সেতারে ঝড় তুলবেন ফিরোজ খান ও পূর্বায়ন চ্যাটার্জি, সুপ্রিয়া দাস ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীরা পরিবেশন করবেন খেয়াল, বাঁশিতে সম্মোহনীয় সুর তুলবেন রাকেশ চৌরাসিয়া আর সিম্ফনি ফিলহারমোনিক অর্কেস্ট্রা বাজাবেন ড. এল সুব্রহ্মণ্যন ও আসতানা।
এভাবেই উৎসবের অন্যান্য রাতেও দেশ-বিদেশের স্বনাম খ্যাত শিল্পীরা তাদের বাদ্যযন্ত্রে সুরের ঝঙ্কার তুলে কুয়াশাচ্ছন্ন রাতকে মায়াবী রাতে পরিণত করবেন।
উৎসবের সমাপনী রাতে উচ্চঙ্গসঙ্গীতের হাজারো শ্রোতাকে বাঁশির সুরে বিমোহিত করবেন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।
(এমআইআর/ ২৬ ডিসেম্বর ২০১৭)



