দেশের বীমা খাতের ভবিষ্যত ভালো: অর্থমন্ত্রী
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বীমা খাতের ভবিষ্যত ভালো বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গললবার সচিবালয়ে সাধারণ বীমা কর্পোরেশনের ২০১৬ সালের লভ্যাংশের চেক গ্রহণকালে তিনি এমন মনোভাব প্রকাশ করেন।
অনুষ্ঠানে ৪০ কোটি টাকার লভ্যাংশ চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার বীমা খাতের উন্নয়ন চায়। অতীতে বীমা খাতে রেগুলেশনের অভাব ছিল। এখন রেগুলেশনের অধীনে আসছে, এটা ভালো। তবে এখনও বীমা খাত পরিপক্ক নয়। অনেক অভিযোগ আছে-বীমা পায় না, ক্লেইম ঠিক মত দেওয়া হয় না। তবে বীমা খাতের ভবিষ্যত ভালো।
তিনি বলেন, সাধারণ বীমা খাত স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। ব্যবসা বাড়ছে, সাধারণ বীমাও বাড়ছে।
তিনি বলেন, জীবন বীমার বিষয়টি আলাদা। অন্যভাবে বাড়াতে হয়। জীবন বীমার কোম্পানি রয়েছে ৪৬টি। আমাদের দেশে অবশ্য কোম্পানির সংখ্যা বেশি। ব্যাংকের সংখ্যা বেশি, জীবন বীমার সংখ্যাও বেশি। আমাদের দেশে হুজুগে হয়ে যায়। তবে ভয়ের কোনো কারণ নেই। সরকারের মনিটরিং আছে।
উল্লেখ্য, স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে সাধারণ বীমা কর্পোরেশন রাষ্ট্রায়াত্ব নন লাইফ বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ২৮ কোচি ৫৪ লাখ ৪০ হাজার টাকা মুনাফা করেছে। এর মধ্যে ৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার আয়কর প্রদান করা হয়েছে। ঐ বছরে ২০০ কোটিরও বেশি বিমা ও পুনঃবিমা দাবির পরিশোধ করেছে সাধারণ বীমা কর্পোরেশন।
(এসএএম/ ২৬ ডিসেম্বর ২০১৭)



