শ্রেণীকৃত ঋণ কমানো ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: গভর্নর

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনা ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়া শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে না পারলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ভবনে ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, দেশে ব্যাংকিং খাতে বর্তমানে ১০ দশমিক ৩৪ শতাংশ হারে শ্রেণীকৃত ঋণ রয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই পরিমাণ আরও অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।

গভর্নর বলেন, শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে না পারলে সরকার প্রবৃদ্ধির যে প্রক্ষেপণ করেছে তা ব্যহত হবে।

তিনি বলেন, সরকার চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৭ দশমিক ২ এবং আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৮ শতাংশ হারের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে তার বাস্তবায়ন করতে প্রচুর অর্থের দরকার। তাই  শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে না পারলে ওই বিপুল অর্থের যোগান দেওয়া সম্ভব না।

গভর্নর এ সময় রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়ায় ঘটনায় উদ্বেগ  প্রকাশ করেন।

চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্সের প্রবাহ ১৬ দশমিক ৯ শতাংশ কমেছে উল্লেখ করে গভর্নর বলেন , আমরা এই অবস্থার উন্নতির জন্য ব্যবস্থা নিচ্ছি।

তিনি জানান, ঠিক কী কারণে রেমিট্যান্সের প্রবাহ কমে যাচ্ছে তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের রিসার্চ দল একটি ডায়াগনস্টিক সার্ভে করছে।

এছাড়া খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে দুইটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান গভর্নর।

কর্মশালায় গভর্নর ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, ইআরএফ এর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

(শামীম/ ১৪ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)