নরসিংদীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী : নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার সৈয়দ নগরে (ইটাখোলা বাস্ট্যান্ডের অদূরে) অনুষ্ঠিত হচ্ছে এবারের জেলা ইজতেমা।
দুনিয়া ও আখেরাতে কামিয়াবী এবং আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশে ইজতেমায় যোগ দেবেন দেশ বিদেশের প্রায় ১ লাখ মুসল্লি। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শেষ হবে শনিবার (৩০ ডিসেম্বর)।
ইজতেমা মাঠ প্রস্তুত ও তদারকির দায়িত্বে থাকা মাওলানা মো. ইলিয়াছ বলেন, ‘ইজতেমা উপলক্ষে মাঠ পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন জেলার তবলিগ জামায়াতের সাথী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের কাজ সম্পন্ন করেছেন। প্যান্ডেল তৈরি, মাইক স্থাপন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, রান্নাবান্নার কাজ ও অস্থায়ী শৌচাগার তৈরির কাজ শেষ হয়েছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।’
তিনি আরও বলেন, ‘একসঙ্গে ৮০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এই প্যান্ডেলে ১ লাখ মুসল্লী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘সুশৃঙ্খলভাবে তিন দিনের ইজতেমা শেষ করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি মেহমানদের জন্য থাকবে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকটাও বিবেচনায় রাখা হবে।’
(এসএইচআর/এসএএম/ ২৮ ডিসেম্বর ২০১৭)



