যে প্রক্রিয়ায় প্রাত্যহিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিএসইসি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণ এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সচেতন করার লক্ষ্যে প্রত্যেক কার্যদিবসে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতোমধ্যে এ কার্যক্রমের উদ্বোধনও করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এ কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার বিএসইসির ৬২১তম কমিশন সভায় এ কার্যক্রম পরিচালনা সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর গতকাল ০১ জানুয়ারি ২০১৮ তারিখ সোমবার কমিশনের কমিশনার মো: আমজাদ হোসেন নিয়মিতভাবে পরিচালনার লক্ষ্যে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন।
বিএসইসি সূত্র জানায়, বিনিয়োগ শিক্ষা কার্যক্রম প্রত্যেক কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, শেরে বাংলা নগর, আগারগাঁও, বিএসইসির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক বিনিয়োগকারীরা অনলাইনে বা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন।
আর প্রতি কার্যক্রমে ৪০ জন বিনিয়োগকারী প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
কমিশনের নির্বাহী পরিচালক মাহবুব উল আলম এই কার্যক্রমের আহবায়ক এবং পরিচালক রেজাউল করিম সদস্য সচিব ও সমন্বয়ক হিসাবে এই কার্যক্রম পরিচালনা করবেন।
জানা গেছে, মোট ৫টি সেশনে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিএসইসি। সেশন ১ এ সিকিউরিটিজ আইনের আলোকে বিনিয়োগকারীদের সুরক্ষা শিক্ষা দেওয়া হবে। সেশন ২ এ বিনিয়োগ শিক্ষা ও আর্থিক পরিকল্পনা সংক্রান্ত প্রাথমিক ধারণা দেওয়া হবে। সেশন ৩ এ প্রসপেক্টাস বিশ্লেষণ ও প্রাইমারি মার্কেট (আইপিও)তে বিনিয়োগ বিষয়ে ধারণা দেওয়া হবে। সেশন ৪ এ বিনিয়োগ পরিকল্পনা ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ শিক্ষা রয়েছে। আর সেশন ৫ এ সিকিউরিটিজ এনালাইসিস ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিষয়ে সম্যক ধারণা দেওয়া হবে।
এই কার্যক্রমে অংশ নিতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের ওয়েবসাইট www.financialliteracybd.com
এর মাধ্যমে বিস্তারিত জানা যাবে। আর অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও এই লিংকের মাধ্যমেই পাওয়া যাবে। এছাড়া কমিশনের কার্যালয় সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান জানান, গত বছরের জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর থেকে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত সকল স্ট্রেকহোল্ডাররা পর্যায়ক্রমে এই কার্যক্রম চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গত অক্টোবর মাসে বিএসইসির আয়োজনে দেশব্যাপি বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করা হয়েছে। এসব আয়োজনে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দেওয়া হয়েছে। আর এ কার্যক্রম যেন চলমান থাকে সেলক্ষ্যে বিএসইসি প্রাত্যহিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি জানান, যেসকল বিনিয়োগকারী পুঁজিবাজার সম্পর্কে জানতে ও বুঝতে চান তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব প্রশিক্ষনের ফলে বিনিয়োগকারীদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে মনে করে বিএসইসি।
(রুমেল/শামীম/ ০১ জানুয়ারি ২০১৭)



