জয় অপহরণ মামলার প্রতিবেদন দাখিল ৪ ফেব্রুয়ারি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ৪ ফেব্রয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা (আসামি) রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন।

(এমআইআর/ ০৪ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)