নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মাধবদী থানার ভঙ্গার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার সকালে খবর পেয়ে ভঙ্গার চর ফাঁড়ি পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- সদর উপজেলার পাইকার চর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য এমদাদুল ইসলামের ছেলে ওয়ার্কশপ ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৫) ও তার দুই সহযোগী ডিস ব্যবসায়ী অসুখ দত্ত (২৭) ও সোহেল মিয়া (২৬)।
মাধবদী থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী আড়াইহাজারের গোপালদি বাজার থেকে মাধবদীর মেঘনা বাজারের দিকে আসছিলেন। পথে ঘনকুয়াশা ও বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভঙ্গার চর শবদের আলীর বাড়ির পাশের দেয়ালে সজোড়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারা ৩জন নিহত হয়।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সকালে ভঙ্গার চর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে ৩ মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে। পরে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করেছে পুলিশ।’
(এসএইচআর/এসএএম/ ০৭ জানুয়ারি ২০১৭)



