৬ষ্ঠ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের প্রচার শুরু করল সিএসই
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ৬ষ্ঠ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার ২০১৮ অনুষ্ঠিত হবে। আর এ মেলাকে স্বার্থক করে তুলতে আনুষ্ঠানিকভাবে প্রচার কাজ শুরু করেছে সিএসই।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ৬ষ্ঠ সিএসই শেয়ারবাজার ও বিনিয়োগ মেলার লোগোযুক্ত বেলুন খোলা আকাশে উঠিয়ে সিএসই এই প্রচার কাজ শুরু করেছে। বেলুনটি চট্টগ্রামের ব্যস্ততম এলাকা টাইগার পাস সড়কের নিকট থেকে উড়ানো হয়েছে।
সিএসই জানায়, শেয়ারবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে।
সিএসই ২০০৫ সালে চট্টগ্রামে প্রথম এই মেলার আয়োজন করে । এরপর ২০০৭ সালে সিলেটে, ২০০৯ সালে চট্টগ্রামে, ২০১৪ সালে ঢাকায় এবং ২০১৫ সালে চট্টগ্রামে মেলার আয়োজন করা হয়।
মেলায় শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত হয়নি এমন কোম্পানিসহ সব ধরনের স্টেইকহোল্ডারা অংশগ্রহণ করবে। এ বছর মেলায় ১০০টি প্রতিষ্ঠানের উপস্থিতির আয়োজন করা হয়েছে| মেলায় তিন ধনের স্টল থাকবে। এরমধ্যে প্যাভিলিয়ন,মিনি প্যাভিলিয়ন ও সাধারণ স্টল থাকবে।
বন্দরনগরী চট্টগ্রামের জি.ই.সি কনভেনশন সেন্টারে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলার কার্যক্রম চলবে।
(এসএএম/ ১৮ জানুয়ারি ২০১৮)



