বরিশালে শহীদ আসাদ দিবস পালিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এ স্লোগান বুকে ধারণ করে বরিশালে পালিত হয়েছে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক আসাদুজ্জামান আসাদের ৪৯তম শহীদ দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সূচনা হয় কর্মসূচির।
সেখানে শহীদ আসাদ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং জেলা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে আসাদ পরিষদ জেলা শাখার আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসাদ পরিষদের জেলা সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, ‘৬৯ এর গণ-অভ্যুত্থান এদেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। ওদিন ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্রইউনিয়ন নেতা আসাদের মৃত্যু আইয়ুব শাহীর পতন তরান্বিত করেছিল। তিনি বর্তমান প্রজন্মকে আসাদের ন্যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
(এসএএম/ ২০ জানুয়ারি ২০১৮)



