সিএসইর পুঁজিবাজার মেলা শুরু ১ ফেব্রুয়ারি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৬ষ্ঠ সিএসই পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা।

চট্টগ্রামের জিএসই কনভেনশন সেন্টারে এ মেলার উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আর ৩ ফেব্রুয়ারি মেলার সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সিএসইর  তথ্য অনুযায়ী, মেলার প্রথম দিনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

‘পুঁজিবাজারের মাধ্যমে অবকাঠামো অর্থায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. আনোয়ারুল কবির।

আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মো. হেলাল নিজামী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুচ ছালাম, রূপালী ব্যাংকের পরিচালক ড. মো. সেলিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন সিএসই প্রেসিডেন্ট ড. একেএম আবদুল মোমেন।

দ্বিতীয় দিনের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার। ‘পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নেবেন বিএসইসি কমিশনার ড. স্বপন কুমার বালা এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় বক্তব্য রাখবেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন।

সিএসই বলছে, পুঁজিবাজার সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে এবং বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩ ধরণের স্টল থাকবে। এগুলো হল- প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও সাধারণ স্টল।

স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভূক্ত কোম্পানিসহ স্টেকহোল্ডাররা অংশ নেবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট মোট ৮০ টি প্রতিষ্ঠান ৩ দিন ব্যাপী মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।

(এসএএম/ ২২ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)