শহীদ জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে খালেদা জিয়ার হাতে ‘বাংলা নামে দেশ’ বই উপহার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে দুর্লভ বই উপহার দিয়েছেন দিনাজপুর মেডিক্যাল কলেজের সাবেক ছাত্রদল নেতাদের সংগঠন ‘এ্যাসোসিয়েশন অব এক্স জাতীয়তাবাদী ছাত্রদল’।
গতকাল রোববার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার হাতে সংগঠনের পক্ষে এ বইটি তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চিকিৎসক ডা: মুহাম্মদ জাফর ইকবাল, সভাপতি-এ্যাসোসিয়েশন অব এক্স জাতীয়তাবাদী ছাত্রদল, দিনাজপুর মেডিকেল কলেজ (সাবেক সভাপতি-জাতীয়তাবাদী ছাত্রদল,দিনাজপুর মেডিকেল কলেজ শাখা)। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সহ-সভাপতি নূরুজ্জামান শিপন।
উল্লেখ্য, কলকাতার আনন্দ পাবলিসার্স থেকে প্রকাশিত ‘বাংলা নামে দেশ’ বইটিতে স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা সংগ্রামের আগের ও পরের ইতিহাস, ধারাবাহিক রচনা ও আলোক চিত্রমালা চমৎকারভাবে সাজানো হয়েছে।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রচিত এই বইটিতে ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বানী রয়েছে। এই বানীতে তারা মুক্তিযুদ্ধের অনবদ্য ও মূল্যবান দলিল হিসাবে বইটিকে আখ্যা দিয়েছেন।
পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও একটি টেবিল ক্যালেন্ডার বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। এতে দিনাজপুর মেডিকেল কলেজ ও এ অঞ্চলের উন্নয়নে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের চিত্র তুলে ধরা হয়েছে।
এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
(এমআইআর/এসএএম/ ২২ জানুয়ারি ২০১৮)



