বাণিজ্য মেলায় পুরাতন বাইকের বদলে নতুন বাইক দিচ্ছে ‘শফিক মোটরস’
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুরাতন মোটরসাইকেল (বাইক) দিয়ে নতুন মোটরসাইকেল নেয়ার সুযোগ রয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলার দুই নম্বর ঝর্ণার পাশে ভিআইপি গেট সংলগ্ন বটতলায় অবস্থিত শফিক মোটরস’র স্টল থেকে এ সুযোগ দেয়া হচ্ছে।
স্টলটির ম্যানেজার মো. রাজন বলেন, হিরো, বাজাজ, সুজুকি, টিভিএস, ইয়ামাহা, হুন্ডাসহ বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল দিয়ে আমাদের কাছ থেকে নতুন মোটরসাইকেল নেয়া যাবে। এজন্য আগ্রহীদের পুরাতন মোটরসাইকেলের পাশাপাশি কিছু নগদ অর্থ দিতে হবে। আবার নতুন মোটরসাইকেল না নিয়ে পুরাতনটি বিক্রি করে নগদ অর্থ নেয়ারও সুযোগ থাকছে।
তিনি বলেন, মেলার পাশাপাশি আগ্রহীরা এ সুযোগ মেলার বাইরে থেকেও নিতে পারবেন। সেক্ষেত্রে বাংলামোটরে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানে যেতে হবে। পুরাতন মোটরসাইকেলের কেমন দাম পাওয়া যাবে তা নির্ভর করবে সেটির কন্ডিশনের ওপর।
রাজন বলেন, পুরাতন মোটরসাইকেল দিয়ে নতুন মোটরসাইকেল বদলের পাশাপাশি মেলাতে মরুভূমিতে চলাচলের কার, বিচ বাইক, গলফ কার, স্পিডবোট, ফোল্ডিং বাইসাইকেল বিক্রি হচ্ছে। এগুলো পেতে হলে আগ্রহীদের অগ্রীম অর্ডার করতে হবে। অর্ডার করলে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পণ্যটি এনে দেয়া হবে। অর্ডারের সময় ওই গাড়ির যা মূল্য তার ৫০ শতাংশ পরিশোধ করতে হবে।
(এসএএম/ ২৭ জানুয়ারি ২০১৮)



