‘কাগজপত্রে ত্রুটি না থাকলে ৯০ দিনের মধ্যে আইপিও অনুমোদন’

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম:  কোম্পানির দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকলে ৯০ দিনের মধ্যেই  প্রাথমিক গণপ্রস্তাবের প্রসপেক্টাস (আইপিও) অনুমোদন করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত তিনদিনের ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসনে বলেন, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের ব্যাপক সংস্কার হয়েছে। ফলে উদ্যোক্তারা চাইলে দেশের কোম্পানিগুলো আইন মেনে সহজেই তালিকাভুক্ত হতে পারে। একটি কোম্পানি যথানিয়মে কোনো ত্রুটি-বিচ্যুতি ছাড়া তাদের কাগজপত্র জমা দিলে বিএসইসি ৯০ দিনের মধ্যেই তাদের প্রসপেক্টাস অনুমোদন করতে সক্ষম।

বিএসইসির চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে আসলে আপনাদের কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। আর ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করলে সুদ দেওয়ার যে বাধ্যবাধকতা থাকে, পুঁজিবাজারে সেটি থাকে না। পুঁজিবাজার থেকে নেওয়া টাকার জন্য বছর শেষে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিলেই হবে। আমাদের পুঁজিবাজারের সম্ভাবনাগুলো হলো অর্থনীতি যত বড়, পুঁজিবাজার তত বড় নয়। ফলে এর আকার বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ফিন্যান্স অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন।

আলোচনায় অংশ নেন সিএসইর পরিচালক মো ছায়েদুর রহমান ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে বড় বড় কারখানা হচ্ছে। ব্যাংক থেকে উচ্চসুদের ঋণ নিয়ে কলকারখানা করা সম্ভব নয়। তাহলে কোথায় টাকা পাবে উদ্যোক্তারা। এর জন্য ভালো জায়গা হলো পুঁজিবাজার।

সিএসইর পরিচালক মো ছায়েদুর রহমান বলেন, আমাদের রেগুলেটরদের মধ্যে সমন্বয় নেই। পুঁজিবাজার সংক্রান্ত সিদ্ধান্তে নেওয়ার আগে বিএসইর সঙ্গে আলাপ করার উপর জোর দেন তিনি।

(এসএএম/ ০৪ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)