সিলেটের পথে খালেদা জিয়া

বিনিয়োগবার্তা ডেস্ক: হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে সড়কপথে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৬ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সড়কপথে তার গাড়ি বহর রওনা করে। তার বহরে প্রায় ৩০টি বেশি গাড়ি রয়েছে। এগুলোর মধ্যে তার নিরাপত্তাকর্মী, অ্যাম্বুলেন্স ও নেতাকর্মীদের ব্যক্তিগত গাড়িও রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার গাড়ি বহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আছেন। তিনি সোমবার সন্ধ্যায় সিলেট শহরে পৌঁছাবেন। সোমবার রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ছাড়তে পারেন খালেদা জিয়া।

সোমবার সকাল সাতটা থেকেই গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে আসতে থাকে নেতাকর্মীদের গাড়ি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের গাড়িও যাচ্ছে ওই গাড়ি বহরে। সকাল সাড়ে আটটায় সময় গুলশান-২ থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা করে।

জানা গেছে, সিলেট যাত্রাপথে খালেদা জিয়া নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার পাশ দিয়েই যাবেন। স্থানে-স্থানে তাকে অভিনন্দন জানাতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। প্রত্যেক স্থানে বক্তব্য না দিলেও হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন তিনি। ধীর গতিতে চলবে তার গাড়িবহর।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সিলেটের পথে যাত্রা করে মাঝপথে মধ্যাহ্ন বিরতি দেওয়া হবে। হোটেল উজানভাটি বা আশুগঞ্জ হাইওয়ের পাশে এক বিএনপির নেতার রেস্টুরেন্টে দুপুরের খাবারের বিরতি দেওয়া হতে পারে।

সোমবার সন্ধ্যা নাগাদ সিলেট পৌঁছবেন খালেদা জিয়া। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সফরসূচি সম্পর্কে গণমাধ্যমকে জানান, সকাল ৮টায় গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশে সড়ক পথে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সিলেট সার্কিট হাউজে এক ঘণ্টা বিশ্রাম শেষে বেলা ৩টায় মাজার জিয়ারত করবেন তিনি। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বিএনপি প্রধান।

(এমআইআর/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)