ইলিয়াস কাঞ্চন একুশে পদকে ভূষিত হওয়ায় ভৈরবে আনন্দসভা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খ্যাতমান চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন একুশে পদকে ভূষিত হওয়ায় কিশোরগঞ্জ ভৈরবে এক আনন্দসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই, ভৈরব উপজেলা শাখার উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে ভৈরববাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনন্দসভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি এস.এম.বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইলিয়াস কাঞ্চন এখন আর কোনো ব্যক্তির নাম নয়, তিনি এখন একটি প্রতিষ্ঠান। সড়ক দূর্ঘটনা রোধকল্পে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সফল আন্দোলনের মাধ্যমে তিনি ব্যক্তি থেকে নিজেকে প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। আর সেই জন্যই সরকার তাঁকে সমাজ সেবায় একুশে পদকে ভূষিত করে সম্মানীত করেছেন।
এ সময় তিনি আরও বলেন, কাঞ্চন সমগ্র দেশের সম্পদ হলেও, কিশোরগঞ্জের সন্তান হিসেবে তিনি আমাদের গৌরব, আমাদের অহংকার। এ সময় তিনি ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি ২০১৮ সালে সমাজ সেবায় গৌরবময় অবদানের জন্য ইলিয়াস কাঞ্চনকে একুশে পদকে ভূষিত করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ভৈরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানান।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির সদস্য, বিশিষ্ট লেখক অধ্যাপক শহীদুল্লাহ, বিশিষ্ট নাট্যকার আসাদুজ্জামান বাবুল, ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন রবীন, স্থানীয় দৈনিক পূর্বকণ্ঠের সম্পাদক সৈয়দ সোহেল সাশ্রু।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব থিয়েটারের সভাপতি জালাল আহমেদ, সংগঠক মো: মনিরুজ্জামান ময়না, বশির আহমেদ বিপ্লব, সাংবাদিক তুহিন মোল্লা, আদিল উদ্দিন আহমেদ, সমাজকর্মী আফসানা জাহান, তাহমিনা কায়সার প্রমূখ।
আলোচনা শেষে মরহুমা জাহানারা কাঞ্চনসহ সারাদেশে সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
(এম এস/ ১১ ফেব্রুয়ারি ২০১৮)



