নিম্ন আদালতের নথি আসার পর খালেদার জামিন আদেশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় এ শুনানি শেষ হয়। এ সময় আদালত বলেন, নিম্ন আদালতের আদেশের নথি হাইকোর্টে পৌঁছানোর পর খালেদা জিয়ার জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুপুর আড়াইটায় এ শুনানি শুরু হয়। আবেদনে খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের জামিন চাওয়া হয়েছে ।
দুদকের মামলা শুনানির জন্য হাইকোর্টের সংশ্নিষ্ট বেঞ্চে প্রতি বুধ ও বৃহস্পতিবার দিন ধার্য থাকলেও গত বৃহস্পতিবার এ আদালতের বিচারক রোববার দুপুর ২টায় শুনানির দিন ধার্য করেন।
এর আগে ওইদিন হাইকোর্টের এ বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদন উপস্থাপন করা হলে আদালত আপিল শুনানির জন্য আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে নিম্ন আদালতে দেওয়া খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত করেন।
এ ছাড়া বিচারিক আদালতে দেওয়া মামলার যাবতীয় নথি তলব করেন আদালত। আদেশের কপি হাতে পাওয়ার পর ১৫ দিনের মধ্যে এ কপি হাইকোর্টে দাখিল করতে বলা হয়।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি সাজার আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আখতারুজ্জামান। এরপর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে রয়েছেন।
এ মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামি হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক রয়েছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
পাশাপাশি ছয় আসামিকে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
(এম এস/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮)



