নরসিংদীতে রেলওয়ের জমিতে গড়ে তোলা ৩১২ অবৈধ স্থাপনার মধ্যে ৬৫টি উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ অভিযানে শহরের বিলাসদী, ব্রাহ্মন্দী ও বানিয়াছল এলাকার প্রায় ৬৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহরুখ খান, রেলওয়ের সহকারি এস্টেট অফিসার এবং ভূমি ইমরাত শাখার ডেপুটি কমিশনার মো. অহিদুন্নবী, রেলওয়ের ভূমি ইমারত শাখার কানোনগো ইকবাল মাহমুদ, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আলী উপস্থিত ছিলেন।

রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,  মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। তিনি এডিপির অর্থায়নে রেল খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শনসহ  আগামি ২৮ ফেব্রুয়ারি ভৈরব রেল সেতু পরিদর্শন করবেন। এরই ধারাবাহিকতায় রেল লাইনের পাশে অবৈধ দখলকারিদের উচ্ছেদ অভিযান চালানো হয়।

এব্যাপারে ভূমি ইমরাত শাখার কানোনগো ইকবাল মাহমুদ বলেন, আমাদের হিসেবে মতে নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে তৈরী করা হয়েছে ৩১২ টি অবৈধ স্থাপনা। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। তবে এডিবির চেয়ারম্যান ভৈরব যাবেন তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। রবিবার প্রায় ৬৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

(এসএইচআর/এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)