চর উজিলাব ইউনিয়নকে ভিক্ষুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: উপজেলার চর উজিলাব ইউনিয়নকে ভিক্ষুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
এর আগে এই ইউনিয়নের ২৫ জন ভিক্ষুকের তালিকা করে তাদের পূনর্বাসনের উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বিশিষ্ট শিল্পপতি এএইচ আসলাম সানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক শাখার রাবেয়া খাতুন শান্তি প্রমুখ।
চর উজিলাব ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান জানান, ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে একটি করে মোটরচালিত রিকশা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যাতে তারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং আর যেন ভিক্ষাবৃত্তিতে না যান। আজ আনুষ্ঠানিকভাবে এসব রিকশা বিতরণ করা হলো। এছাড়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করা হয়েছে।
(এসএইচআর/এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮)



