বন্ডে বিনিয়োগ করে সিআইপি হলেন ৪ অনাবাসী বাংলাদেশী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করায় ৪ অনাবাসী বাংলাদেশিকে কর্মাশিয়াল ইম্পটেন্ট পার্সন বা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) উপ সচিব ডা. মো. হামিদুল হক সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দ্রুত তাদের সিআইপি কার্ড তুলে দেওয়া হবে।

আইআরডি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড আইন, ১৯৮১ (২০১১ সালে সংশোধিত)  এর ধারা ১৪ ও উপধারা ৪ এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড আইন, ২০০২ এর ধারা ১৪(৪) অনুযায়ী শর্ত পালন করায় ৪ জনকে সিআইপি নির্বাচিত করা হয়েছে।

সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, জাতীয় দিবসে বিদেশে বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন।

এছাড়া বিমান, রেল, সড়ক ও জলযান ভ্রমণে সংরক্ষিত আসন, স্ত্রী, সন্তান ও নিজ চিকিৎসায় সরকারি হাসপাতালে কেবিন সুবিধা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন।

৪ জনের মধ্যে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগকারী হলেন ৩ জন ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করেছেন একজন অনাবাসী বাংলাদেশি।

৩ জন হলেন, কাজী সরোয়ার হাবীব। তার ঠিকানা ৪৮, খান কুঠি, পূর্ব কাফরুল, ঢাকা। তিনি জাপান প্রবাসী। জাপানে তার ঠিকানা, টোকিও-১৭১-০০১৪, টু-শিমা-কু ইকিবুকুরো, ২-৭৮-২, ৩০৩, টোকিও, জাপান।

সেলিনা ইসলাম। তার ঠিকানা, গাউছিয়া প্যারাডিসো, বাড়ি নং-১/বি, ফ্ল্যাট নং-এ৯, রোড নং-১৬/এ, গুলশান-১, ঢাকা-১২১২। তিনি কুয়েত প্রবাসী। কুয়েতে তার ঠিকানা, খালিদ বিন মাতাওয়া, রোড নং-১৬, ব্লক নং-০৫, বাড়ি নং-২৯, মিশরেফ, কুয়েত।

মনির হোসেন। তার ঠিকানা, ফ্ল্যাট নং-৪০১, ৪১ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। আমিরাতে তার ঠিকানা, পিও বক্স নং-১৫৬৯৭, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগকারী হলেন মানিরুল ইসলাম। তার ঠিকানা, গ্রাম-বিবি চিনি, ডাকঘর-নেয়ামতি, থানা-বেতাগী, জেলা-বরগুনা। তিনি সৌদি আরব প্রবাসী। সৌদিতে তার ঠিকানা, পিও বক্স নং-৫৭৯৬৩, রিয়াদ-১১৫৮৪, সৌদি আরব।

এর আগে ২০ ফেব্রুয়ারি সিআইপি নির্বাচন ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে নীতিমালা চূড়ান্ত হয়।

অনাবাসী বাংলাদেশিদের উপার্জিত অর্থ বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার জন‌্য ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিধি মোতাবেক বিনিয়োগকারীদের সিআইপি হিসেবে নির্বাচনের বিধান রয়েছে।

সাধারণত কোনো অনাবাসী বাংলাদেশি যদি দেশে ৩ লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগ করেন অথবা বৈধ পন্থায় ২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান কিংবা ৩ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের বাংলাদেশি পণ্য আমদানি করেন, তাহলে তিনি সিআইপি মর্যাদাপ্রাপ্তির জন্য আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিগত কয়েক বছর ধরে সিআইপি নির্বাচন করলেও চূড়ান্ত নীতিমালা ছিল না।

(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)