‘পুঁজিবাজার থেকে ভাল মুনাফা করতে কোম্পানির আর্থিক অবস্থা জানা জরুরী’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: `পূঁজিবাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট এনালাইসিস। ঝুঁকি এড়িয়ে পুঁজিবাজার থেকে ভাল মুনাফা করার জন্য বিনিয়োগকারীদের কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবগত হওয়া জরুরী। আর এ বিষয়ে জানার মাধ্যম কোম্পানির আর্থিক প্রতিবেদন। আর কোন কোন টার্ম বা রেশিও গুলো একটি কোম্পানির ভালো বা খারাপ অবস্থা নির্দেশ করে তা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়।‘
ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী ফিনান্সিয়াল স্টেটমেন্ট এনালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ডিএসই’র পরিচালক মোঃ শাকিল রিজভী এসব কথা বলেন।
মঙ্গলবার(২৬শে ফেব্রুয়ারি ২০১৮) রাজধানীর ডিএসই ভবনে এ
কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শাকিল রিজভী বলেন, কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে, আর্থিক অবস্থা নিরুপণ করতে পারলে একজন বিনিয়োগকারী গুজবে বশবর্তী না হয়ে কোম্পানির আর্থিক অবস্থান বিবেচনা করে বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজার মূলত দীর্ঘমেয়াদী এবং লাভজনক খাত। যদি সঠিক বিশ্লেষণ করে বিনিয়োগ করা যায় তবে এ খাতে সফলতা সহজ হবে। নিয়মিত বিশ্লেষন করে একজন বিনিয়োগকারী বাজারে বিনিয়োগের ঝুঁকি হ্রাস করতে পারে। কর্মশালার শেষে মোঃ শাকিল রিজভী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ট্রেনিং একাডেমী’র ইনচার্জ ও উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা পারভীন শিউলী।
এর আগে ১০ দিনব্যাপী এই কর্মশালায় আর্থিক বিবরণীর ভূমিকা, রেশিও অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং অ্যানালাইসিস, ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, অ্যানালাইসিস অব প্রোফিটেবিলিটি, অ্যানালাইসিস অব গ্রুথ এন্ড সাসটেইনেবল আর্নিং, স্টেটমেন্ট অব শেয়ারহোল্ডারস ইক্যুইটি এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর্নিং কোয়ালিটি এবং তার পরিমাণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক এবং চার্টার এ্যাকাউন্ট্যান্টবৃন্দ।
(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮)



