জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ওই পদে দায়িত্ব নিয়েছেন ব্যাংকটির পরিচালক লুনা শামসুদ্দোহা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকে তিনিই প্রথম নারী চেয়ারম্যান।

বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় লুনা শামসুদ্দোহাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রযুক্তিখাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে ২০১৩ সালের ২৯ নভেম্বর গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান লুনা শামসুদ্দোহা। এর আগে তিনি দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট ছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, সফটওয়্যার উদ্যোক্তা এবং সুইজারল্যান্ডের গ্লোবাল থট লিডার অন ইনক্লুসিভ গ্রোথের সদস্য। ২০০৫ সালে তিনি সুইস ইন্টারঅ্যাকটিভ মিডিয়া সফটওয়্যার অ্যাসোসিয়েশনের (সিসমা) সদস্য পদ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স থেকে মাস্টার্স (এমএসএস) পাস করেন।

২০১৬ সালের জুন থেকে লুনা জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকে লুনা শামসুদ্দোহাই প্রথম নারী চেয়ারম্যান।

(এমআইআর/ ০১ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)