নরসিংদী কোর্ট হাজত হতে হাতকড়াসহ জঙ্গী মামলার আসামী পলায়ন

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদী কোর্ট হাজত থেকে হাতকড়াসহ কাউছার (২০) নামে এক হাজতী আসামী পালিয়ে গেছে। চাঞ্চল্যকর  এ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে।

কোর্ট সাব-ইন্সপেক্টর আহম্মদ জানান, নরসিংদী মডেল থানার ১৪(৯)১৬ নং ডাকাতি ও জঙ্গী মামলার আসামী কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ ২০১৬ সালের এপ্রিল মাস থেকে নরসিংদী জেলা কারাগারে হাজতী আসামী হিসেবে হাজত বাস করে আসছিল। রবিবার দিন আদালত কর্তৃক নির্ধারিত হাজিরা দেবার জন্য কোর্ট পুলিশ তাকে জেলা কারাগার থেকে সকাল পৌনে ১০ টার দিকে কোর্ট হাজতে নিয়ে আসে এবং গারদখানায় আটক রাখে। বেলা সাড়ে ১১ টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে পুলিশ ডাকাত ও জঙ্গী কাউছারকে হাতকড়া পড়িয়ে কোর্টে নেবার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে কৌশলে পালিয়ে যায়। আদালত কক্ষে প্রবেশের পর পুলিশ জঙ্গী কাউছারকে খুঁজে পায়নি। তখনই তার পালিয়ে যাবার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

পালিয়ে যাওয়া জঙ্গী কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ (২০) সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বিনানয় গ্রামের কলিম’র পুত্র। তার মাতার নাম নাজমা বেগম। তার পরিবারের বর্তমান ঠিকানা ঢাকা মেট্রোপলিটন এলাকার বনানী থানার মহাখালী সাততলা বস্তি।

কোর্ট ইন্সপেক্টর রুহুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন, কোর্ট থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

(এসএইচআর/এসএএম/ ০৫ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)