নরসিংদী পুলিশ লাইন্সে ভাস্কর্য ‘অঙ্গীকার’ উন্মোচন
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতার জন্য পুলিশের প্রথম প্রতিরোধ ও আত্মদানের চেতনাকে জাগ্রত রাখার মানসে নরসিংদী পুলিশ লাইনস্ এ স্থাপন করা হয়েছে ভাস্কর্য ও মুর্যাল ‘অঙ্গীকার’।
বুধবার আনুষ্ঠানিক ভাবে এর উন্মোচন করেন, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুলাহ আল মামুন (পিপিএম)।
এ উপলক্ষে পুলিশ লাইনস্ উন্মুক্ত অডিটরিয়ামে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, এ ভাস্কর্য ও মুর্যাল ‘অঙ্গীকার’ স্থাপনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ও স্বাধীনতার জন্য পুলিশের আত্মদানের ইতিহাসটি জাগ্রত হয়ে থাকবে।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান প্রমুখ। অনুষ্ঠানে ভাস্কর্য মুর্যালটি সৃজনকারী ভাস্কর ফনী দাস ভাস্কর্যটি তৈরীর বিষয়বস্তু সম্পর্কে বিশদ বর্ণনা দিলে উপস্থিত সুধীমন্ডলী স্বাধীনতার চেতনায় নতুন করে উৎফুল্ল হয়ে উঠে।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, রাজনীতি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি ও শিক্ষক নেতৃবৃন্দ, সংবাদ কর্মীবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ সহ জেলার সুধী সমাজ।
অনুষ্ঠানে অতিথি ও বক্তারা পুলিশের এই উদ্যোগকে বিশেষভাবে স্বাগত জানান।
(এসএএম/ ০৭ মার্চ ২০১৮)



