এডিআর পদ্ধতিতে ৬ মাসে ৮২৪টি বীমা দাবি নিষ্পত্তি আইডিআরএর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)বর্তমান চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী যোগদানের পর হতে ADR পদ্ধতিতে ৮২৪টি বীমা দাবি নিষ্পত্তি  করেছে সংস্থাটি।

এরমধ্যে লাইফ বীমা কোম্পানির ৮১১টি এবং নন-লাইফ বীমা কোম্পানির ১৩টি বীমা দাবি রয়েছে।

আইডিআরএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিগত ২২ আগস্ট ২০১৭ তারিখে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। চেয়ারম্যান হিসেবে যোগদানের পর হতে তিনি বীমা সেক্টরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় তাঁর সুদক্ষ নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রম এবং কর্তৃপক্ষের দুই সদস্য বোরহান উদ্দিন আহমদ এবং গকুল চাঁদ দাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের সার্বিক সহযোগিতায় বীমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালে কর্তৃপক্ষ গঠনের পর হতে অদ্যবধি এত বড় সংখ্যায় বীমা নিষ্পত্তি করা হয়নি।

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাগণের সাথে কর্তৃপক্ষের নিয়মিত সভায় বীমা দাবি নিষ্পত্তি বিষয়ে নির্দেশনা, কর্তৃপক্ষের বীমা বিরোধ নিষ্পত্তি কমিটি এবং কর্তৃপক্ষের অভিযোগ নিষ্পত্তি শাখার মাধ্যমে নিয়মিত বীমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন বীমা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বীমা দাবি নিষ্পত্তির চেক বিতরণ অনুষ্ঠানে কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য, নির্বাহী পরিচালক এবং পরিচালকগণের অংশগ্রহণের মাধ্যমেও বীমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে। এর পাশাপাশি গ্রাহকদের বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বীমা প্রতিষ্ঠানসমূহের বীমা দাবি নিষ্পত্তিতে উৎসাহ প্রদান করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)